ঘি দিয়ে ভুনা মুরগি: যে রান্নার গন্ধ শুঁকেই দাদু-নানু বলে দেবেন, “এটাই তো সেই আসল ঘিয়ের স্বাদ!

Ghee-Bhuna-Murgi-Recipe-image

আচ্ছা বলুন তো, বাসায় ঘি দিয়ে মাংস রান্না হলে সবচেয়ে বেশি বিরক্ত কে হয়? – যে থালা ধোয়, কারণ ঝোল লেগে থাকে যে! কিন্তু সেই বিরক্তিটাও মিষ্টি লাগে যখন প্রথম চামচ মুখে দেওয়ার পর সবাই একসাথে “আহ্‌হ্‌হ” বলে ওঠে। আর একটা বিষয়, বাসায় খাঁটি ঘি দিয়ে মাংস রান্না হলে সবচেয়ে আগে কার নাক টের পায়? – বাসার দাদু-নানুর। কারণ এই স্বাদটা তারাই সবচেয়ে ভালো চেনেন, আর সেই গন্ধ, সেই স্বাদ ধরিয়ে দিতে তাদের এক সেকেন্ডও লাগে না।

আজকে যে রেসিপিটা শেয়ার করছি, সেটা কোনো ফিউশন-টিউশন না, কোনো “শেফের সিক্রেট টুইস্ট”ও না। একদম খাঁটি, চিরাচরিত বাঙালি স্টাইলে ঘি ভুনা মুরগি – যেভাবে দাদি-নানিরা রান্না করে এসেছেন যুগ যুগ ধরে, আর যেটাতে ব্যবহার করছি বেঙ্গল হারভেস্ট-এর খাঁটি গাওয়া ঘি – যে ঘিয়ের গন্ধটাই বলে দেয়, রান্নাটা ঠিক কতটা আসল হতে চলেছে। শুধু তফাৎটা হলো, এই রান্নার সময় ঘি দিতে হবে একদম পরিমান মতো, মানে যেমনটা স্বাদ চান আরকি, আর ধৈর্যটাও রাখতে হবে একটু বেশি। বাকিটা মশলার হাতেই ছেড়ে দিন।

চলুন শুরু করা যাক!

ঘি ভুনা মুরগি রেসিপির জন্য যা যা লাগবে (৪ জনের জন্য)

মূল উপকরণ:

  • মুরগির মাংস – ১ কেজি (হাড়সহ, মাঝারি টুকরো)
  • বেঙ্গল হারভেস্ট গাওয়া ঘি – ৪ থেকে ৫ টেবিল চামচ (কার্পণ্য করবেন না, এটাই তো নায়ক এই গল্পের)
  • পেঁয়াজ কুচি – ২ কাপ
  • আদা বাটা – দেড় টেবিল চামচ
  • রসুন বাটা – দেড় টেবিল চামচ
  • টক দই – আধা কাপ
  • টমেটো কুচি – ২ কাপ

মশলা:

  • লাল মরিচ গুঁড়া – দেড় চা চামচ
  • হলুদ গুঁড়া – ১ চা চামচ
  • জিরা গুঁড়া – দেড় চা চামচ
  • ধনিয়া গুঁড়া – দেড় চা চামচ
  • গরম মশলা গুঁড়া – ১ চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • চিনি – আধা চা চামচ

ফোঁড়নের জন্য:

  • তেজপাতা – ২টা
  • দারুচিনি স্টিক – ১টা
  • এলাচ – ৩টা
  • লবঙ্গ – ৩টা
  • কাঁচা মরিচ – ৪টা (চেরা)
  • ধনেপাতা কুচি – ৩ টেবিল চামচ

এবার রান্নাঘরে নামা যাক

ধাপ ১ – মেরিনেশন (তাড়াহুড়া করবেন না প্লিজ): মুরগি ধুয়ে পানি ঝরিয়ে নিন। আদা-রসুন বাটা, টক দই, হলুদ আর অর্ধেক লবণ মিশিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। সময় থাকলে ১-২ ঘণ্টা রাখুন, ফ্রিজে বসিয়ে অন্য কাজ সেরে নিন – মাংসকে একটু “নিজের সাথে সময়” কাটাতে দিন।

ধাপ ২ – ঘি এর রাজকীয় প্রবেশ: কড়াইতে ঘি গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ছেড়ে দিন। এই মুহূর্তেই বাড়ির সবাই রান্নাঘরের দিকে হাঁটা শুরু করবে, প্রস্তুত থাকুন।

ধাপ ৩ – পেঁয়াজ ভাজা (এখানেই আসল খেলা): পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে সোনালি বাদামী করে ভাজুন। শর্টকাট নেই এখানে – যত ধৈর্য, তত স্বাদ। মোবাইল একটু দূরে রাখুন, নাহলে পেঁয়াজ পুড়ে যাবে আর রেসিপিটা “মুখরোচক” থেকে “মন খারাপ” হয়ে যাবে।

ধাপ ৪ – মশলা কষানো: টমেটো, লাল মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তেল-ঘি আলাদা হয়ে উপরে ভেসে ওঠে। এটাই সংকেত – মশলা রেডি!

ধাপ ৫ – মাংসের এন্ট্রি: মেরিনেট করা মুরগি আর বাকি স্বাদমতো লবণ, সাথে একেবারে অল্প একটু মানে এক চিমটির একটু বেশী চিনি দিয়ে ভালোভাবে কষান, যতক্ষণ না মাংস নিজের পানি ছেড়ে আবার শুকিয়ে আসে। এই পর্যায়ে রান্নাঘরের গন্ধেই পেট ভরে যাবে প্রায়।

ধাপ ৬ – ঢেকে জ্বাল: সামান্য গরম পানি দিয়ে ঢাকনা দিন। মাংস নরম আর ঝোল মাখামাখা হওয়া পর্যন্ত জ্বাল দিন।

ধাপ ৭ – শেষ চুমুক (মানে ছোঁয়া): গরম মশলা, কাঁচা মরিচ, ধনেপাতা ছড়িয়ে দিন। ২ মিনিট দমে রেখে চুলা বন্ধ করুন। গরম ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন, আর তারপর প্রশংসা শোনার জন্য প্রস্তুত থাকুন।

ছোট্ট কিছু কথা

  • ঘি বেশি ভালোবাসলে পরিবেশনের আগে উপর থেকে ১ চামচ ছড়িয়ে দিন – এটা মূলত “চুড়ান্ত টাচ”, যেভাবে সিনেমার শেষে হিরো এন্ট্রি নেয়
  • ঝাল কম চাইলে কাঁচা মরিচ আর মরিচ গুঁড়া একটু কমিয়ে দিন।
  • পরদিন এই তরকারি আরও বেশি স্বাদ হয় – যদি টিকে থাকে!